ডেস্ক রিপোর্ট
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তীব্র রাজনৈতিক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে গিয়ে দেশের মানুষকে সংকটে ফেলে গেছেন। সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সামনে আর মাত্র ১৪ দিন পর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভোটের মাধ্যমেই জনগণ নতুন সরকার বেছে নেবে। তবে এবারকার নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ—দুই প্রতীকই ছিল, কিন্তু এবার নৌকা নেই। নৌকার কান্ডারি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করছেন।
তিনি বলেন, “তিনি চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন। অন্তত তিনি দেশে থাকলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বিষয়গুলো চলত।” শেখ হাসিনার দেশত্যাগে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সমাবেশে বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চান মির্জা ফখরুল। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ধানের শীষের পক্ষে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “যারা স্বাধীনতা ও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের হাতে দেশ তুলে দেওয়া যায় না।” তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
নির্বাচনী সভায় বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
















