ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার (১১ মে) পর্যন্ত মোট ১৩১টি হজ ফ্লাইটে তারা দেশটিতে গেছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন থেকে জানা যায়, গতকাল ১০ মে সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৬ মে। ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬১টি ফ্লাইট, সৌদিয়া ৪৮টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্সে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।
















