ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথ হত্যা মামলায় তিন ‘শুটারকে’ গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। ডিজিটাল মাধ্যমে টোলের টাকা পরিশোধের সূত্র ধরে তাদের সন্ধান পায় পুলিশ। তাদের মধ্যে দু’জনকে উত্তরপ্রদেশ এবং একজনকে বিহারের বক্সার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের কলকাতায় এনে ভবানীভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১১ মে) তাদের বারাসাত আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দেয় একটি ইউপিআই লেনদেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার শুটার এবং অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। কারা তাদের নিয়োগ দিয়েছিল এবং হত্যার পেছনে বড় কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের ধারণা, অন্তত দেড় মাস আগে থেকেই এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। গত ৬ মে রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় চন্দ্রনাথ রথের পথরোধ করে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি গাড়ি সামনে এসে দাঁড়ানোর পর মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন চন্দ্রনাথ ও তার গাড়িচালক। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।















