নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে নির্বাচনী প্রচারণা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
সম্প্রতি একটি পোস্টে দাবি করা হয়, রাউজানে ‘মোমবাতি’ প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে সহনশীলতার অভাব দেখা যাচ্ছে এবং জামায়াতের নারী কর্মীরা হেনস্তার শিকার হয়েছেন। ওই পোস্টে ঘটনাটিকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলেও উল্লেখ করা হয় এবং দাবি করা হয়, অভিযুক্তরা সাধারণ সমর্থক নন, বরং পদে থাকা ব্যক্তি।
এই অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণ শাখা। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের সভাপতি কাজী কায়েস উদ্দিনকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘শাহজাহান মঞ্জু সমর্থক গোষ্ঠী’ নামের একটি বট পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
ছাত্রসেনার ভাষ্য অনুযায়ী, ১২ থেকে ২৬ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগেই জামায়াত প্রার্থীর কিছু নারী কর্মী কদলপুর শিকদারপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি সংগ্রহ, লিফলেট বিতরণ এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য ধর্মীয় শপথ নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তারা মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর বিরুদ্ধে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ান বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে বলা হয়, এসব কার্যক্রমের প্রতিবাদ জানান ছাত্রসেনা উপজেলা সভাপতি কাজী কায়েস উদ্দিন। মূলত আকিদাগত বিদ্বেষ ছড়ানোর বিরোধিতাকেই ‘নারী কর্মীদের হেনস্তা’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ছাত্রসেনা আরও উল্লেখ করে, রাউজানে মোমবাতি প্রতীকের পক্ষে বাড়তে থাকা জনসমর্থন সহ্য করতে না পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে ‘তথ্য সন্ত্রাস’ চালাচ্ছে এবং বট আইডি ও পেজ ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রাউজানের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকি বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এবং রাউজানের সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে একটি ভিডিও বার্তাও প্রদান করেন রাউজান উপজেলা ছাত্রসেনার সভাপতি কায়েছ উদ্দীন।















