তিন বছর বিরতির পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার খুলতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালু করা হবে—এমন আশ্বাস দিয়েছে ওমান সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদির এই আলোচনা হয়।
বৈঠকে ড. আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণের উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশি দক্ষ জনশক্তি—বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের জন্য ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর অনুরোধ করেন তিনি।
এ ছাড়া অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য দীর্ঘদিন ধরে জারি থাকা ওয়ার্ক ভিসার স্থগিতাদেশ পুনর্বিবেচনার আহ্বান জানান উপদেষ্টা।
জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে থাকা অনিয়মিত ও নথিহীন প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিতেই ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই এবং প্রাক্-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার মতো অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আয়োজনের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করতে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
















