ডেস্ক রিপোর্ট | জাতীয়
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন তারা। এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় হইচই ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী এলাকা ছাড়েননি।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম পে কমিশন গঠন হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেন তারা।
এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে যাত্রা করলে বিভিন্ন স্থানে পুলিশের বাধা, ব্যারিকেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনা ঘটে।
দাবি আদায়ে এর আগে সরকারি কর্মচারীরা টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার সেই কর্মবিরতির সময়সীমা বাড়িয়ে চার ঘণ্টা করা হয়। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও কঠোর করার প্রস্তুতি রয়েছে।
















