ডেস্ক রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানই বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনা ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে যোগ্য নেতা। তিনি দেশের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে খায়রুল আহসান অভিযোগ করেন, ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর জনগণ শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করলেও গত দেড় বছরে দেশে মব সন্ত্রাস ও চরম বিশৃঙ্খলা বেড়েছে, যা নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, এই মব সন্ত্রাসের পেছনে একটি ইসলামী নামধারী রাজনৈতিক দলের মদদ রয়েছে, যারা ইসলামের নাম ব্যবহার করে দেশে ‘মওদুদীবাদী মতবাদ’ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।
আকিদাগত পার্থক্যের কথা উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামী ও তাদের অনুসারীদের ‘ফিতনা’ হিসেবে অভিহিত করেন এবং ইমান রক্ষার স্বার্থে তাদের ভোট না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ‘হ্যাঁ’ ভোট সংক্রান্ত প্রচারণাকে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলে মন্তব্য করে তিনি এর প্রতিবাদ জানান। তিনি বলেন, জনগণকে ‘হ্যাঁ’-এর পরিবর্তে ‘না’ ভোটে সমর্থন দিয়ে তা বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
















