নতুন সরকারের দ্বিতীয় কার্যদিবসে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাক্ষাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে নিজ দপ্তরে যান। এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে।
এদিকে গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠকে নতুন সরকারের তিনটি প্রাথমিক অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এসব অগ্রাধিকার দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
















