আগামী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “ইনশা আল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমরা ফ্যামিলি কার্ড বিতরণের কাজ বাস্তবায়ন শুরু করব। এটি আমাদের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদাগুলোর একটি। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই কার্ড পাবেন।”
ফ্যামিলি কার্ডের সংখ্যা ও পরিমাণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা দেবে। প্রাথমিকভাবে কার্ডে কত টাকা থাকবে তা এখনো নির্ধারণ হয়নি।
তিনি আরও বলেন, “দেশে প্রায় ৫ কোটি পরিবার রয়েছে। আমরা পর্যায়ক্রমে সবাইকে এই নেটওয়ার্কের আওতায় আনব। মূল লক্ষ্য হলো সব নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা। টাকার পরিমাণের চেয়ে এই নেটওয়ার্ক তৈরি করাই আমাদের প্রধান অগ্রাধিকার। পরবর্তীতে এটিকে আরও উন্নত ও সমৃদ্ধ করা যাবে।”
বিত্তশালী বা ধনী পরিবারও এই কার্ড পাবেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন।”
এর আগে বৈঠকে অংশ নেওয়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, “নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ ছিল। আজকের বৈঠকে কীভাবে এটি কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এটি সার্বজনীন হবে, কোনো সীমাবদ্ধতা থাকবে না। তবে শুরুতে হতদরিদ্র থেকে শুরু করে দরিদ্র, মধ্যবিত্ত—এভাবে ধাপে ধাপে এগোনো হবে।”
এই রমজানেই কি বিতরণ শুরু হচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই এটি শুরু হোক। আমি জানি যে, এই লক্ষ্য নিয়েই কাজ এগোচ্ছে।”
















