কক্সবাজার, নিজস্ব সংবাদদাতা
আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘাতের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
একই সময়ে, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের হেফাজতে নিয়ে পরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, “দুপুরের দিকে মিয়ানমারের সংঘর্ষে টিকতে না পেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। এরপর বিজিবি ও পুলিশ তাদের হেফাজতে নেয়।”
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন চন্দ্র রুদ্র জানান, আহত শিশুটি এখনও জীবিত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিশুর নাম আফনান (৭), স্থানীয় জসিম উদ্দিনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মি, আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এই সংঘর্ষের প্রভাব বাংলাদেশ সীমান্তে সরাসরি পড়ছে, ফলে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিজিবি জানিয়েছে, আটক ৫৩ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।















