জবি প্রতিনিধি : রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তার ভাড়া বাসা (মেস) থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ চন্দ্র সরকার। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকাশ চন্দ্র সরকারের মেসটি পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন ভাট্টিখানা এলাকায় অবস্থিত।
আকাশ চন্দ্রের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জবিসাস) ভিপি মো. রিয়াজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী আকাশ চন্দ্র সরকার ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আকাশ ভাইয়ের লাশ নিয়ে মিটফোর্ড হাসপাতালে যাওয়া হচ্ছে। সেখানে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) শেষে গেন্ডারিয়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।”
ঘটনার বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
















