রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৬ কোটি টাকা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে ১০টি লটে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে সরকার। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম নির্ধারিত হয়েছে ১৮৫ টাকা ৯৫ পয়সা।
অন্যদিকে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর জন্য শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি ৯৫ লাখ টাকা, যেখানে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯০ পয়সা।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং রমজানে সম্ভাব্য মূল্যচাপ মোকাবিলার লক্ষ্যেই এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে একই বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি সার আমদানির একাধিক প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
















