নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। আজ শুক্রবার বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শাহবাগে সমবেত হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বারডেম হাসপাতালের পাশ দিয়ে মৎস্য ভবনের দিকে বিকল্প পথে যান চলাচল চালু রয়েছে।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে যমুনার দিকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পথে তাঁদের মারধর করা হয়েছে—এ অভিযোগ তুলে তাঁরা ফিরে আসেন।
এরপর ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে আহত হন।
এ ঘটনায় আহত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “আহতদের মধ্যে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি। অধিকাংশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত জখম রয়েছে—ফেটে যাওয়া ও থেঁতলে যাওয়ার মতো আঘাত। এখন পর্যন্ত কাউকে ভর্তি দিতে হয়নি।”
সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, বাংলামোটর ও পরীবাগ এলাকায় ছড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে এসব এলাকায় থেমে থেমে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে সন্ধ্যার দিকে আবার শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শাহবাগের বিক্ষোভে ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ প্রায় হাজারখানেক নেতা–কর্মী অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
















