ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫
পবিত্র রমজান মাসে পূর্ব জেরুজালেমের মসজিদ আল-আকসা-এ মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল—এমন অভিযোগ উঠেছে ফিলিস্তিনি ধর্মীয় নেতৃত্বের পক্ষ থেকে।
ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ও সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক দিনে বেশ কয়েক ডজন মুসলিম তরুণকে আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
তিনি জানান, ইসরায়েলি পুলিশের সূত্রে জানা গেছে, আসন্ন রমজান মাসে এই বিধিনিষেধ আরও কঠোর করা হতে পারে। শেখ একরিমা সাবরি বলেন, ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান। মুসলিমরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে রমজানকে স্বাগত জানান। কিন্তু বিশ্বস্ত সূত্রে তারা জেনেছেন, দখলদার কর্তৃপক্ষ রমজানে আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না। তিনি এ পদক্ষেপকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
এদিকে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, রমজানে আল-আকসায় মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে মেজর জেনারেল আভশালোম পেলেড পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের শীর্ষ কমান্ডারের দায়িত্ব নেওয়ার পর থেকেই এ পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
খবরে আরও বলা হয়, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভির এ উদ্যোগের পেছনে ভূমিকা রাখছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।















