বিজনেস ডেস্ক
চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি-তে পেঁয়াজের দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। এতে রমজানকে ঘিরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মাঝেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজারের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, মাত্র দুদিন আগেও দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩০ থেকে ৩২ টাকায় নেমে এসেছে। হঠাৎ এমন মূল্যহ্রাসে বাজারে ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। স্থানীয় উৎপাদনের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত পণ্য আসায় পাইকারি বাজারে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
অন্যদিকে, পবিত্র রমজানকে কেন্দ্র করে যখন অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তির দিকে, তখন পেঁয়াজের এই দরপতনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ক্রেতাদের প্রত্যাশা, রমজানজুড়ে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে।















