ডেস্ক রিপোর্ট :
পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। সেহরি থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে এ বছর রমজান শীতের শেষভাগ ও গ্রীষ্মের শুরুর সময় হওয়ায় দিনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ফলে তৃষ্ণা, ক্লান্তি ও ডিহাইড্রেশনের আশঙ্কা আরও বাড়ছে।
এ অবস্থায় ইফতার থেকে সেহরি পর্যন্ত কীভাবে পানি পান করলে শরীর সুস্থ ও সতেজ থাকবে, এ নিয়ে পরামর্শ দিয়েছেন রাজধানীর মিরপুরভিত্তিক প্রতিষ্ঠান নিউট্রিলার্নবিডি-এর নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট পুষ্টিবিদ রোকসানা তনু।
কতটুকু পানি পান করা উচিত?
রোকসানা তনু জানান, রমজানে শরীরকে হাইড্রেট রাখতে ইফতার থেকে সেহরির মধ্যে প্রায় ১০ থেকে ১২ গ্লাস বা আনুমানিক ২ থেকে ৩ লিটার তরল গ্রহণ করা যেতে পারে। তবে একসঙ্গে বেশি পানি পান না করে অল্প অল্প করে বিরতি দিয়ে পান করাই উত্তম। এতে শরীর সহজে পানি শোষণ করতে পারে এবং পেটের অস্বস্তি কম হয়।
কী এই ৪-২-২-২ প্যাটার্ন?
রমজানে পানি পানের ক্ষেত্রে তিনি একটি সহজ নিয়ম অনুসরণের পরামর্শ দেন, যাকে তিনি বলেন ৪-২-২-২ প্যাটার্ন।
এই প্যাটার্ন অনুযায়ী, ইফতারের সময় ৪ গ্লাস পানি, মাগরিবের পর ২ গ্লাস, রাতের খাবারের পর ২ গ্লাস এবং সাহরির সময় ২ গ্লাস পানি পান করা ভালো। তনু বলেন, এই নিয়ম মেনে ধাপে ধাপে পানি পান করলে শরীর দীর্ঘ সময় হাইড্রেট থাকে।
কেন গুরুত্বপূর্ণ সঠিকভাবে পানি পান?
রোকসানা তনুর মতে, পর্যাপ্ত পানি পান করলে রোজার সময় মাথাব্যথা, মাথা ঘোরা এবং অতিরিক্ত ক্লান্তি কিছুটা কমে আসতে পারে। এছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, হজম প্রক্রিয়া ঠিক রাখা এবং ত্বক ও কিডনির সুস্থতার জন্যও পানি অপরিহার্য।
সূত্র : কালবেলা
















