অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। তবে দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে সরকার জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করেনি।
তিনি আরও জানান, সংসদ না থাকায় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। এ বিষয়ে জামায়াত একাধিকবার সরকারের কাছে দাবি জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তার অভিযোগ, তৎকালীন সরকার সেই দাবিকে গুরুত্ব দেয়নি। ফলে বিদেশি চুক্তির প্রশ্নে দলটির অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা ধোঁয়াশার সুযোগ নেই বলে মন্তব্য করেন জামায়াত আমির।
















