যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীনের জন্য দেওয়া বিশেষ অর্থনৈতিক সুবিধা ভারতের জন্য কার্যকর হবে না। বৃহস্পতিবার ‘রাইসিনা ডায়ালগ’-এ মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ বলেন, ভারতের দ্রুত বর্ধনশীল ভূ-রাজনীতি ও অর্থনীতিকে বড় প্রতিযোগী হিসেবে গড়ে ওঠার সুযোগ দিয়ে চীনের ক্ষেত্রে করা ভুল পুনরায় করা হবে না।
ল্যান্ডউ বলেন, “যুক্তরাষ্ট্র ভারতের অসীম সম্ভাবনার বিকাশে পাশে থাকতে চায়। তবে নয়াদিল্লিকে বুঝতে হবে যে, ২০ বছর আগে চীনের সঙ্গে আমরা যে ভুল করেছিলাম, ভারতের ক্ষেত্রে তা ঘটবে না।”
তিনি জানান, বাণিজ্য চুক্তি এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতায় সহযোগিতা করতে ওয়াশিংটন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তা ভারতের দ্রুত অর্থনৈতিক ও কৌশলগত উন্নয়নের ওপর কড়া নজর রাখার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনার মাধ্যমে প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। গত মাসে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়, যা ওয়াশিংটনের কৌশলগত চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
















