পবিত্র রমজান উপলক্ষে প্রথাগত ইফতার মাহফিলের পরিবর্তে ব্যতিক্রমী এক ‘ক্যারিয়ার রোডম্যাপ’ কর্মশালার আয়োজন করেছেন যুল ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের একদল তরুণ সংগঠক। সোমবার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ১০০ জন শিক্ষার্থী রোজা রেখেই টানা চার ঘণ্টা মনোযোগ দিয়ে প্রশিক্ষণে অংশ নেন।
ক্যারিয়ার গঠন, কিতাবি আলেম হওয়া এবং লেখালেখি বিষয়ে সাজানো এই কর্মশালাটি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
কর্মশালার ‘কিতাবি আলেম হওয়া’ শীর্ষক সেশনে আলোচনা উপস্থাপন করেন বিশিষ্ট আলেম মুফতি আল্লামা আবুল হাসান উমাইর রিজভী। তাঁর বাস্তবমুখী আলোচনা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষক ও নাজমুল হাসান জুন্নুন। এছাড়া পাঠ ও লেখালেখি বিষয়ক সেশনে আসিফ উল আলম শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের আসলাফ হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা আব্দুল্লাহ আল জাবের, মাওলানা মুহাম্মদ তানভিরুল আলম এবং মুহাম্মদ আরিফ বিল্লাহ সাজিদ।
আয়োজকরা জানান, প্রতি বছর ইফতার মাহফিলে বড় অংকের ব্যয় হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় না—এমন ভাবনা থেকেই ইফতারের সঙ্গে শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ একটি কর্মশালা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনের সভাপতি ফাহাদ বিন আজাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহর নির্দেশনায় কর্মশালাটির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন আশরাফুল ওসমান সাব্বির। এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন মুহাম্মদ হাসান মুনির, হোসাইনুল করিম, মিরাজ উদ্দিন হাসানুজ্জামান, আবু সাঈদ, ইমাদুদ্দিন জাওয়াদ, ইয়াকুব ও ওসমান হারুনীসহ একদল তরুণ কর্মী।
















