বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় তেল সরবরাহে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠকের পর এ আগ্রহের কথা জানান।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে এবং এ বিষয়ে সহযোগিতায় চীন আগ্রহী।
একই দিনে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের আগে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে জ্বালানি সরবরাহসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। চলতি বছর চুক্তির আওতায় এখন পর্যন্ত ৫ হাজার টন ডিজেল পেয়েছে বাংলাদেশ এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন সরবরাহের বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া চুক্তির আওতায় ঐচ্ছিক ৬০ হাজার টন ডিজেল কোটার সরবরাহ পাওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।















