সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ বুধবার দেখা যায়নি। এর ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সৌদি আরবের মুসলমানরা রমজানের শেষ দিন পালন করবেন।
এক মাস রোজা শেষ হওয়ার পর মুসলমানরা শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদ্যাপন করেন। এই তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপন করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। ২৯ রমজানের শেষে যদি চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদ উদ্যাপিত হয়। চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদ উদ্যাপন করা হয়।
আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, তুরস্ক ও সিঙ্গাপুর জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। তুরস্কে শুক্রবার ঈদ উদ্যাপন হবে, আর সিঙ্গাপুরে ঈদ অনুষ্ঠিত হবে শনিবার।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এবার উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই দেশে শুধু মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।















