ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক এক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে সেটি মহাসড়কের পাশে থেমে যায়। পরে বাসের কয়েকজন যাত্রী কাছাকাছি থাকা রেললাইনের ওপর গিয়ে বসেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই প্রাণ হারান।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং নিহতদের সবাই একই পরিবারের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















