হবিগঞ্জের মাধবপুরে একটি ওয়াজ মাহফিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) মাহফিলটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে তাদের অভিযোগ, প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর থেকেই প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান বন্ধের চেষ্টা শুরু হয়।
জানা যায় মাহফিলে ‘নূরে মদিনা গাউছিয়া’ নামে আরেকটি কমিটির ব্যানারে একটি পোস্টার ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখিত সভাপতি ও বক্তাদের অনেকেই এই আয়োজন সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন। স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ভুয়া পোস্টার তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যার ফলে এলাকায় পাল্টাপাল্টি মাহফিলের পরিস্থিতি তৈরি হয় এবং প্রশাসন হস্তক্ষেপে বাধ্য হয়।
ভুয়া পোস্টারে সভাপতির নাম ব্যবহার করা স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রোকন উদ্দিন সালেহী জানান, তার অনুমতি ছাড়াই নাম ব্যবহার করা হয়েছে এবং বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এ ঘটনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মূল মাহফিলটি আয়োজন করছে মুফতি মুজাম্মেল হকের নেতৃত্বাধীন কমিটি। এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী।
এদিকে, আয়োজক কমিটির পক্ষে মুফতি মুজাম্মেল হক মাসুমী অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে প্রশাসনকে বিভ্রান্ত করে মাহফিলটি বন্ধ করার চেষ্টা করছে। তিনি বিষয়টি সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
















