ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে পুকুরের পানির নিচ থেকে একটি ডিজেলের ব্যারেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় একটি পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা ২০০ লিটার ধারণক্ষমতার একটি ডিজেলের ব্যারেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে শনাক্ত করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অবৈধভাবে ডিজেল মজুত করে অধিক দামে বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
















