আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। জানিয়েছে রয়োটার্স।
পোস্টে ট্রাম্প বলেন, আগামী মঙ্গলবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো,বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে। একই সঙ্গে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। তা না হলে ইরানকে “ভয়াবহ পরিস্থিতির” মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।
ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা সমঝোতায় আসার জন্য ইরানকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার পথে এবং ৪৮ ঘণ্টার মধ্যেই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, এই ইস্যুতে ন্যাটো ভুক্ত দেশগুলোর ওপরও চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। তিনি চান, যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপে অংশগ্রহণ করুক। তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ইউরোপীয় দেশগুলো।
ইউকে ইতোমধ্যে ৪১টি দেশকে নিয়ে একটি বৈঠক করেছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় চালু করার উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রণালিটি বন্ধ রাখার জন্য ইরানকে দায়ী করা হয়।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে সামরিক অভিযান ইউরোপের নীতি নয় এবং এ ধরনের কোনো অভিযানে অংশ নেওয়ার পরিকল্পনাও তাদের নেই।
এর আগে গত বৃহস্পতিবার ইরানের উত্তর-মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ওই হামলায় একটি সামরিক সরবরাহ রুট ধ্বংস হয়েছে, যা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
















