চলমান সংকট পরিস্থিতেতে ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জানা যায়, অনানুষ্ঠানিক বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে রিয়ালের দর দাঁড়িয়েছে প্রায় ১৪ লাখ ৭০ হাজার, যা দেশটির চলমান অর্থনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ইরান ইন্টারন্যাশনালের সূত্রের বরাতে এই তথ্য জানা যায়।
ইরানের বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্যমতে, গত মঙ্গলবার একই সময়ে ইউরোর দাম লেনদেন হয়েছে প্রায় ১৭ লাখ ২০ হাজার রিয়াল এবং ব্রিটিশ পাউন্ডের দর পৌঁছেছে প্রায় ১৯ লাখ ৯৪ হাজার রিয়ালে। মুদ্রার এই দ্রুত মূল্যপতনের এই ধারা সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ডিসেম্বরের শেষ দিক থেকে রিয়ালের দর ব্যাপকভাবে ওঠানামা করছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু নতুন আর্থিক সহায়তা ও স্বস্তিমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
অর্থনীতিবিদরা বলছেন, রিয়ালের সাম্প্রতিক দরপতন কেবল মুদ্রাবাজারের সংকট নয়, বরং এটি ইরানের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন। এই সংকটময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
















