জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সংসার ভাঙনের মুখে। গেল বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেও এক বছরের মধ্যেই সেই দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সময়ের সঙ্গে সেই দূরত্ব আরও বাড়তে থাকে এবং গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চললেও এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন থাকার কথা স্বীকার করেছেন তাহসান খান নিজেই।
কালের কণ্ঠের সঙ্গে একান্ত আলাপে তাহসান খান বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।” তিনি জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি।
তাহসান আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।” তিনি আপাতত এই বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি বলেও জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তারও প্রায় দুই বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

















