একসময় টলিউডের সবচেয়ে আলোচিত প্রেমকাহিনিগুলোর একটি ছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক। পর্দার রসায়ন যে বাস্তব জীবনেও গভীর সম্পর্কে রূপ নিয়েছিল, তা তখন কারও অজানা ছিল না। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতি ও আলোচনা আজও রয়ে গেছে টলিপাড়ায়।
বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালক রাজ চক্রবর্তীর জীবনসঙ্গী। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীর দেওয়া একটি মন্তব্য আবারও আলোচনায় ফিরিয়েছে দেব–শুভশ্রীর পুরোনো অধ্যায়।
সোমবার এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রাজ চক্রবর্তী বলেন,
“একসময় আমারও মনে হয়েছিল, দেব আর শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো।”
এই মন্তব্যে অনেকেই চমকে গেলেও রাজ বিষয়টি সেখানেই থামাননি। পরক্ষণেই তিনি যোগ করেন,
“কিন্তু শেষ পর্যন্ত শুভশ্রী তো আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম— কিছু করার নেই। আমরা খুব ভালো আছি। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও নিশ্চয়ই খুব সুখী থাকবে। দেব খুব ভালো ছেলে।”
উল্লেখ্য, দেব–শুভশ্রী জুটির সিনেমাজীবনের শুরুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ চক্রবর্তীর। ফলে সেই সময়ের সম্পর্কের অনেক স্মৃতির সাক্ষী ছিলেন তিনি নিজেই।
টলিপাড়ার অনেকের মতে, স্ত্রীর প্রাক্তন সম্পর্ক নিয়ে এমন পরিণত ও স্পোর্টিং মন্তব্য সচরাচর দেখা যায় না।

















