ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ—এই অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান। পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘটনার সূত্রপাত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে উগ্রবাদী চাপের মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। এ সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা কেবল ক্রিকেটেই নয়, কূটনৈতিক পর্যায়েও ছড়িয়ে পড়েছে। কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।
এর প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিসিবি আইসিসিকে জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী নয়। এ পরিস্থিতিতে সমাধান খুঁজতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর গুজরাটের বরোদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। তবে বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হয়েছে কি না, এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।
এমন অবস্থায় পিসিবির দায়িত্বশীল একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য পাকিস্তানের ভেন্যুগুলো পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তানকে বিবেচনা করা যেতে পারে বলে মনে করছে তারা। পিসিবির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে তারা আইসিসির আস্থা অর্জন করেছে।
পিসিবির কর্মকর্তাদের মতে, আইসিসি চাইলে খুব সহজেই বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করা সম্ভব। যদিও এখনো আইসিসির কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব জমা দেয়নি পিসিবি, তবে বিসিবির ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমর্থন করছে বলে সূত্রটি জানিয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চলমান টানাপোড়েনের কারণে এই সূচি পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
















