খেলাধুলা | ক্রিকেট
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পাকিস্তান তাদের ভারতের বিপক্ষে ‘ম্যাচ বয়কট’-সংক্রান্ত অবস্থান থেকে সরে আসবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিজেপি নেতা চেতন শর্মা। তাঁর মতে, নির্বাচনের পরই পাকিস্তান এই সিদ্ধান্তে ‘ইউ টার্ন’ নেবে।
১২ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাস্তবতা বদলালেই পাকিস্তানের বর্তমান অবস্থান আর বজায় থাকবে না বলে মনে করেন চেতন শর্মা। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “এই পুরো বিষয়টাই আসলে রাজনীতি। বাংলাদেশের খেলোয়াড়দের দোষ কোথায়? নির্বাচন শেষ হলেই দেখবেন পাকিস্তান ইউ টার্ন নিয়েছে। তখন হয়তো বলা হবে—জনমতকে সম্মান জানিয়ে এবং ক্রিকেটের স্বার্থে তারা ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে।”
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। তবে এখনো পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি পিসিবি।
চেতন শর্মা আরও বলেন, পিসিবির পক্ষ থেকে লিখিত কোনো ঘোষণা না থাকায় এই বয়কটের বাস্তব কোনো ভিত্তি নেই। শেষ পর্যন্ত এই রাজনৈতিক টানাপোড়েনের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ক্রিকেট ও ক্রিকেটাররা—এমন মন্তব্যও করেন তিনি।
উল্লেখ্য, ৬০ বছর বয়সী চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং বর্তমানে বিজেপির ক্রীড়া সেলের সঙ্গে যুক্ত আছেন।
















