পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়। এতে বিয়েতে উপস্থিত অতিথি ও পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারান। এ ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
জরুরি সেবাকর্মীদের বরাতে জানানো হয়েছে, গ্যাস লিকেজের কারণে ওই ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটে। এতে বাড়িটির পাশাপাশি আশপাশের আরও অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

















