ডেস্ক রিপোর্ট : ২০২৪ এ জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন মাজার,খানকা এবং সংশ্লিষ্ট স্থাপনায় হামলা করা হয়েছে। এজন্য হামলার শিকার মাজারগুলো পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ বিষয়ে নির্বাচনী ইশতেহারে উল্লেখ্য করতে ১২ টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান মাকাম। শনিবার অনলাইনে এক বিবৃতিতে জানায় এই প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে উল্লেখ্য করা হয়, জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ৫ আগস্ট থেকে অদ্যাবধি সারাদেশে ব্যাপক পরিমাণ মাজার, দরগাহ, খানকায় ধারাবাহিকভাবে হামলা করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা একাধিকবার কঠোর ব্যবস্থার কথা মুখে বললেও কাজে তার কোনো প্রতিফলন লক্ষ্য করা যায়নি। যে কারণে এখনো পর্যন্ত হামলার শিকার অধিকাংশ মাজার পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং অনেক ক্ষেত্রে মাজার সংশ্লিষ্ট পরিবারগুলো আতঙ্কের মাঝে দিনাতিপাত করছে। হামলার শিকার মাজারগুলোর পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সরকারের পক্ষ থেকে অদ্যাবধি ন্যূনতম কোনো ঘোষণা আসেনি।
বিবৃতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ যে-সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের নির্বাচনী অঙ্গীকার তথা ইশতেহারে এ বিষয়ে উল্লেখ থাকা অত্যন্ত জরুরী বলে জানায় মাকাম।
তারই প্রেক্ষিতে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত নির্বাচনী ইশতেহারে হামলার শিকার মাজারগুলোর পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ বিষয়ে উল্লেখ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে ১২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে গবেষণা প্রতিষ্ঠান মাকাম। যে ১২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় পার্টি – বিজেপি, আমার বাংলাদেশ পার্টি – এবি পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি।
মাকামের প্রত্যাশা,রাজনৈতিক দলগুলো জনস্বার্থে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে এবং বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, সম্প্রতি মাজার হামলা নিয়ে একটি অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রকাশ করে মাকাম। সেখানে ঢাকা এবং চট্রগ্রাম বিভাগে বিভিন্ন মাজার এবং দরগাহে হামলার কারণ ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
















