অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের সময় ‘নো হ্যান্ডশেক’ ঘটনা নজর কেড়েছে। আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরের সঙ্গে হাত মেলাননি। দুজনকেই পরস্পরকে এড়িয়ে যেতে দেখা যায়।
এই সিদ্ধান্ত কোন দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচেও টসের সময় হাত না মেলানোর ঘটনা দেখা গেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আইসিসির বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে এবার একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বাংলাদেশ দল ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়।
এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে, যখন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে শীতলতার কথা আলোচনায় রয়েছে। এরই মধ্যে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো হবে না। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত ছিল।
এই প্রেক্ষাপটে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ–ভারত ম্যাচে টসের সময় ‘নো হ্যান্ডশেক’ ঘটনাটি নতুন করে ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
















