ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকান্ডের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছেন।
শনিবার বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানা যায় ।
তিনি বলেন, নিহতদের মধ্যে অনেককে ‘অমানবিক ও বর্বর উপায়ে’ হত্যা করা হয়েছে। তবে এসব মৃত্যুর জন্য তিনি রাষ্ট্রবিরোধী উসকানিদাতাদের দায়ী করেন।
শনিবারের রাষ্ট্রীয় এক ভাষণে খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আরও দাবি করেন, ‘আমেরিকার লক্ষ্য ইরানকে গিলে ফেলা।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
















