ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেওয়ার ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নোবেল ফাউন্ডেশন। ফাউন্ডেশন জানিয়েছে, নোবেল পুরস্কার কাউকে উপহার দেওয়া, ভাগাভাগি করা বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না—এমনকি প্রতীকীভাবেও নয়।
রোববার (১৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নোবেল পুরস্কারের মর্যাদা ও এর প্রশাসনিক কাঠামো রক্ষা করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। সে কারণে কোনো পুরস্কার প্রতীকী অর্থেও অন্য ব্যক্তির কাছে হস্তান্তর বা বিতরণ করার সুযোগ নেই।
ফাউন্ডেশন আরও জানায়, আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী মানবজাতির সর্বাধিক কল্যাণে অবদান রাখা ব্যক্তিদেরই এ পুরস্কার প্রদান করা হয়। উইলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—কে পুরস্কার প্রদান করবে এবং কাকে দেওয়া হবে।
এর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কারের পদক তাকে উপহার দেন। সে সময় তিনি বলেন, ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই এই পদক তাকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, তিনি মাচাদোর কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। পোস্টে তিনি লেখেন, “মারিয়া করিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য বড় সম্মানের। তিনি আমাকে তার নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন।”
















