আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভেন্যু জটিলতা আরও স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ ভারত সফরে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করার পর বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে আয়ারল্যান্ডের ম্যাচ ভারতে আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও সেই প্রস্তাবে সায় দেয়নি ক্রিকেট আয়ারল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ করে। পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের যুক্তিতে বাংলাদেশকে অন্য গ্রুপে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের নির্ধারিত শ্রীলঙ্কা ভেন্যুর ম্যাচ ভারতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা দেয়।
তবে ক্রিকেট আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, আইসিসির পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। তাঁর ভাষায়, “আমরা নিশ্চিত হয়েছি যে সূচি অপরিবর্তিত থাকবে। গ্রুপ পর্বের ম্যাচ আমরা শ্রীলঙ্কাতেই খেলব।”
টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলবে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
বাংলাদেশের ভারত সফরে অনীহার প্রেক্ষাপটে শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবির বৈঠকে গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠক শেষে বিসিবি জানায়, “অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।” তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি।
আইসিসির প্রতিনিধিদলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা অনলাইনে বৈঠকে যুক্ত হন, আর অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি উপস্থিত ছিলেন। বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন সভাপতি মো. আমিনুল ইসলাম। এছাড়া সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উভয় পক্ষ গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে বলে জানায় বিসিবি। উল্লেখ্য, যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ।
















