ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ বৈঠকেও টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলবে না—এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে বিসিবি।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের এই অবস্থানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু সমর্থনই নয়, বাংলাদেশের দাবি পূরণ না হলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেরাও নতুন করে ভাবতে পারে পাকিস্তান—এমন ইঙ্গিত মিলেছে দেশটির পক্ষ থেকে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি। সংবাদমাধ্যমটির দাবি, ভারত সফরে দল না পাঠানো নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগও করেছে। তবে এ বিষয়ে বিসিবি কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
জিও নিউজ আরও জানায়, পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে—বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজন না করা হলে পাকিস্তানও টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পিসিবির মতে, বাংলাদেশের দাবি যৌক্তিক এবং তা মেনে নেওয়া উচিত।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ওই সময়ের পর থেকে দুই বোর্ডের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় যোগাযোগ বেড়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে পিসিবির একাধিক সূত্র দাবি করেছিল, বাংলাদেশের দাবি উপেক্ষা করে বিশ্বকাপ আয়োজন হলে পাকিস্তান ‘সবাইকে চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত’ নিতে পারে।
বাংলাদেশের অবস্থানের সঙ্গে পাকিস্তানের এমন সম্ভাব্য অবস্থান বিশ্বকাপের ভবিষ্যৎ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। এখন নজর আইসিসির দিকে—এই জটিলতা তারা কীভাবে সমাধান করে, সেটিই দেখার বিষয়।
















