ঢাকায় একটি আবাসিক ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনের একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে উপস্থাপিত সংশ্লিষ্ট নথিপত্র আজ মঙ্গলবার অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন,
“শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। আজই আমি এ–সংক্রান্ত ফাইল অনুমোদন করেছি।”
তিনি জানান, সরকারি অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটটি শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তান ব্যবহার করবেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে একটি আবেদন পাঠায়। আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যাচাই সাপেক্ষে অনুদান প্রদানের প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয় এবং অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
শরিফ ওসমান বিন হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তাঁর মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, রাষ্ট্র তাঁর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। এ ঘটনায় দেশে এক দিনের রাষ্ট্রীয় শোকও পালন করা হয়।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে অন্তর্বর্তী সরকার গত ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
















