বাংলাদেশে তারেক রহমান–এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জয়সওয়াল জানান, ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।”
তিনি আরও বলেন, নতুন সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সম্পর্কের সব দিক এগিয়ে নেওয়া হবে। ভিসা ইস্যুসহ অন্যান্য বিষয়েও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছে ভারত।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওম বিড়লা লেখেন, “ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।”
সাক্ষাৎকালে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান ওম বিড়লা এবং তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন দুই নেতা।
















