ইরানে আহলে বাইতের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব ইমাম মূসা কাজিম (রহ.)–এর বংশধরের মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় মুসলিম বিশ্বে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি ইরানে শাহপন্থী কিছু উগ্র সমর্থক ইমাম মূসা কাজিম (রহ.)–এর পুত্র হজরত মুহাম্মদ ইবন মূসা আল-কাজিম (রহ.)–এঁর মাজারে আগুন ধরিয়ে দেয়।
হজরত মুহাম্মদ ইবন মূসা আল-কাজিম (রহ.) ইরানে ‘হজরত সাবজ কাবা’ নামে সুপরিচিত। তিনি দ্বাদশ ইমামি শিয়া মতবাদের অষ্টম ইমাম আলী আল-রিদা (রহ.)–এর সহোদর ভাই এবং ইসলামের ইতিহাসে একজন সম্মানিত আহলে বাইত সদস্য হিসেবে পরিচিত। তাঁর মাজারটি বহুদিন ধরে সুন্নি, শিয়া ও ইবাদি—সব মাজহাবের মুসলমানদের নিকট শ্রদ্ধার স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি আনন্দ ও বিদ্রূপ প্রকাশ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ধর্মীয় বিশ্লেষক ও আলেম সমাজ এই আচরণকে চরম অবিবেচনাপ্রসূত ও ইসলামবিরোধী বলে আখ্যা দিয়েছেন।
ইতিহাসবিদদের মতে, ইমাম মূসা কাজিম (রহ.) ছিলেন ইবাদত, ধৈর্য ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সম্পর্কে বর্ণিত আছে, তিনি সারা রাত বারবার অজু করে নামাজ আদায় করতেন এবং অল্প সময় বিশ্রাম নিতেন। তাঁর এই ইবাদতমুখী জীবন আল্লাহ তায়ালার কোরআনের আয়াত— “তারা রাতের সামান্য অংশই নিদ্রায় কাটাত”—এর বাস্তব প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করা হয়।
আহলে বাইত মুসলিম উম্মাহর জন্য সম্মান, ঐক্য ও আদর্শের প্রতীক—এ কথা স্মরণ করিয়ে দিয়ে ধর্মীয় ব্যক্তিত্বরা বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা কোনো একটি নির্দিষ্ট মাজহাবের সম্পত্তি নয়। বরং সুন্নি, শিয়া ও অন্যান্য ইসলামী মতপথের মুসলমানরা সবাই তাঁদের প্রতি সম্মান প্রদর্শনে সমানভাবে দায়িত্বশীল।















