অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:৪১
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ঝুলে থাকা নবম জাতীয় পে–স্কেল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আজকের সভা থেকেই একাধিক মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
গ্রেড ও বেতন কাঠামোই মূল আলোচনায়
কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে গ্রেড সংখ্যা, বেতন কাঠামো ও সংশ্লিষ্ট সুযোগ–সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু থাকলেও এই সংখ্যা অপরিবর্তিত রাখা হবে নাকি কমানো হবে—তা নিয়েই মূলত দ্বিমত রয়েছে কমিশনের ভেতরে।
একাংশ সদস্যের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড বজায় রেখেই বাস্তবসম্মত হারে বেতন ও ভাতা বাড়ানো উচিত। তাঁদের মতে, এতে প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে না।
অন্যদিকে কমিশনের আরেকটি অংশ মনে করে, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬তে নামিয়ে আনা হলে বেতন কাঠামো আরও সহজ, কার্যকর ও বাস্তবভিত্তিক হবে।
সুপারিশ চূড়ান্তের পথে কমিশন
জাতীয় বেতন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম পে–স্কেল নিয়ে বিভিন্ন দপ্তর, সংস্থা ও সংগঠনের কাছ থেকে পাওয়া মতামত ইতিমধ্যে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজও শেষের দিকে রয়েছে।
সূত্র জানায়, আজকের পূর্ণ সভায় বাকি থাকা বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কমিশনের সদস্যরা। একই সঙ্গে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সূচিও নির্ধারণ করা হতে পারে।
শিগগিরই সরকারের কাছে প্রতিবেদন
এর আগে কমিশন জানিয়েছিল, একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত নবম পে–স্কেল প্রণয়নই তাদের মূল লক্ষ্য। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য তৈরি হলে খুব দ্রুতই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।
আজকের বৈঠককে তাই নবম পে–স্কেল প্রণয়নের ক্ষেত্রে নির্ণায়ক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
















