বিজনেস ডেস্ক
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন রাজধানীর কারওয়ান বাজার-এর ব্যবসায়ীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন। ব্যবসায়ীদের এ সিদ্ধান্তে সম্মতি জানাতেই তিনি সংবাদ সম্মেলনে অংশ নেন বলে আয়োজকরা জানান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কয়েকটি পণ্যের মূল্য হ্রাস করা হচ্ছে। ঘোষণায় বলা হয়, প্রতি পিস লেবু ২ টাকা, ভোজ্যতেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজিতে ১ টাকা, ছোলা প্রতি কেজিতে ২ টাকা, ট্যাংয়ের ২০০ গ্রাম প্যাকেটে ৫ টাকা, গরুর মাংস প্রতি কেজিতে ৩০ টাকা এবং মিনিকেট চাল প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে বিক্রি করা হবে।
সব তেল বিক্রেতার পক্ষে আখি ইন্টারপ্রাইজের প্রোপাইটর আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে ৫ লিটার তেল ৯২০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও বোতলে উল্লেখিত মূল্য ৯৫০ টাকা। নতুন ঘোষণার পর প্রতি ৫ লিটারে আরও ৫ টাকা ছাড় দেওয়া হবে।মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, এখন থেকে প্রতি কেজি গরুর মাংস ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, তাদের এ উদ্যোগে রমজান মাসে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।
















