ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম মহানগরে তাদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
সিএমপির প্রকাশিত তালিকায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর নাম রয়েছে। এ ছাড়া সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ বিভিন্ন ওয়ার্ডের আরও কয়েকজন কাউন্সিলরও এই তালিকাভুক্ত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা এই তালিকায় অন্তর্ভুক্ত। পাশাপাশি ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমুসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিও এতে রয়েছেন।
এ তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম বুইশ্যা ও টেম্পুসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিএমপি জানিয়েছে, চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















