চুয়াডাঙ্গার জীবননগরে সেনাসদস্যদের নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ ঘটনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক শোকবিবৃতিতে বিএনপি মহাসচিব এই ঘটনাকে “অমানবিক ও পৈশাচিক” আখ্যা দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের দ্বারা বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইন ও ন্যায়বিচারের চরম অবমাননা।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য ধরে নিয়ে যান। পরে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়, যার ফলশ্রুতিতে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জনগণের প্রত্যাশা—যেকোনো অপরাধের বিচার হবে আদালতের মাধ্যমে। কিন্তু কোনো ব্যক্তিকে আটক করে নির্যাতনের মাধ্যমে হত্যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটি দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়।”
বিএনপি মহাসচিব আরও বলেন, এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনআস্থাকে দুর্বল করে দেয়। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি এই ঘটনার বিষয়ে সেনাপ্রধানের জরুরি হস্তক্ষেপ কামনা করছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভুক্তভোগী পরিবারের প্রতি সুবিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”
















