সিলেট | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬
সিলেটে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন এলাকায় কম্পন টের পান বাসিন্দারা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা, যা সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন।
এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট উপজেলা। ৯ ফেব্রুয়ারিও একই উপজেলাকে কেন্দ্র করে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর সিলেট কার্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব দিকে অবস্থিত। গবেষণাকেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৮৭ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ঘন ঘন কম্পনে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
















