ডেস্ক রিপোর্ট : ভারতে হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্র জানায়, ভারতে হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (৪ মার্চ) এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার ভারতীয় অংশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এ সিদ্ধান্তের বিষয়টি হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।
হিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, আমদানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দুই দেশের কোনো উৎসব বা সরকারি ছুটির সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রমের সরাসরি সম্পর্ক নেই। সপ্তাহের সাত দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারেন। ফলে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি।















