ডেস্ক রিপোর্ট
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬
আসন্ন গণভোটে যেকোনো উপায়ে ‘না’ ভোট বিজয়ী করতে হবে—এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, জনগণের ওপর পরিকল্পিতভাবে ‘হ্যাঁ’ ভোট চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সরকারি ক্ষমতা, প্রশাসনিক প্রভাব এবং ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্দিষ্ট সিদ্ধান্তে বাধ্য করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
গণভোটটিকে সংবিধানবিরোধী দাবি করে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট কার্যকর হলে সংসদ আর স্বাধীন ও সার্বভৌম থাকবে না। তখন সংসদ একটি নির্দিষ্ট শক্তির নির্দেশনাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হবে। তার মতে, এ পরিস্থিতি থেকে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, “এটি কোনো দলীয় স্বার্থের প্রশ্ন নয়, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন। দেশের ভবিষ্যৎ রক্ষায় যেকোনো মূল্যে ‘না’ ভোট পাস করাতে হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জি এম কাদের। তার অভিযোগ, জাতীয় পার্টির প্রার্থীদের মাঠে নানাভাবে হুমকি ও চাপের মুখে রাখা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে কার্যত নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।
ক্ষমতার রাজনীতির অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য নয়, দেশের জন্য রাজনীতি করি। জনগণের অধিকার, ভোটের মর্যাদা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষাই জাতীয় পার্টির রাজনীতির মূল উদ্দেশ্য।”
মতবিনিময় সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।
















