ডেস্ক রিপোর্ট
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬
ভোটাধিকার রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার নির্দেশও দেন তিনি।
রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই যেন তাহাজ্জুদের নামাজ পড়ে নিজ নিজ ভোটকেন্দ্রে যান। এরপর ভোটকেন্দ্রের সামনে একসঙ্গে ফজরের নামাজ আদায় করে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “যেহেতু আপনারা ধানের শীষে ভোট দেবেন, তাই কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দিতে হবে, যাতে কোনো অনিয়ম বা কারচুপি করা না যায়।”
তিনি ভোটের দিন সর্বোচ্চ সতর্কতা ও ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষার দায়িত্ব ভোটারদেরই নিতে হবে।
চৌদ্দগ্রাম খেলার মাঠে আয়োজিত এই সমাবেশে বিকেল থেকেই বিএনপির নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন। তবে শীর্ষ নেতৃত্বের বক্তব্য শুরু হতে রাত হয়ে যায়।
উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুল হুদা। একই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
















