ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আর সিনেমার জন্য নতুন কোনো গান গাইবেন না—এমন ঘোষণায় বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে বিস্ময় ও আলোচনা। প্রজাতন্ত্র দিবসে নতুন একটি ছবির গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্লেব্যাক সিঙ্গার হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি।
মঙ্গলবার অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে লেখা হয়, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ নেবেন না। হঠাৎ এই ঘোষণায় অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও কৌতূহল। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না।
ফেসবুক পোস্টে অরিজিৎ লেখেন, এত বছর ধরে শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। তাঁর ভাষায়, প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রা এখানেই শেষ হলেও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা অটুট থাকবে। ভবিষ্যতেও একজন শিক্ষার্থী ও সাধারণ শিল্পী হিসেবে সংগীতসাধনা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
এই ঘোষণার পর অনেকেই ভেবেছেন, তবে কি অরিজিৎ পুরোপুরি গান ছেড়ে দিচ্ছেন? সে ধোঁয়াশা কাটাতে পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে তিনি জানান, হাতে থাকা কাজগুলো তিনি শেষ করবেন। অর্থাৎ চলতি বছরে তাঁর কণ্ঠে নতুন কিছু গান শ্রোতারা পাবেন।
কেন হঠাৎ এমন সিদ্ধান্ত—এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি অরিজিৎ। অনুরাগীদের প্রশ্নের জবাবে বিষয়টি এড়িয়ে গেলেও তাঁর কথায় স্পষ্ট, এটি সংগীত থেকে অবসর নয়, বরং কাজের ধরনে পরিবর্তন।
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। কেউ কেউ একে বড় ধাক্কা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন—এটি হয়তো অরিজিতের সৃজনশীল জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হওয়া অরিজিতের সংগীতযাত্রা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে। ‘আশিকি ২’–এর ‘তুম হি হো’ গান তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত কতটা স্থায়ী—তা সময়ই বলবে। তবে আপাতত একটি বিষয় নিশ্চিত, অরিজিতের কণ্ঠ নীরব হচ্ছে না; বদলাচ্ছে শুধু তাঁর পথচলার দিক।

















