আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগের নজর দিয়েছেন বিনোদন খাতের দুই জায়ান্ট নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রস ডিসকভারি (ডব্লিউবিডি)-এর দিকে। দুটি প্রতিষ্ঠানের মধ্যে ঘোষিত চুক্তির পরপরই তিনি তাদের বন্ডে কমপক্ষে ৫ লাখ ডলার বিনিয়োগ করেছেন।
জানা যায়, চুক্তি অনুযায়ী, নেটফ্লিক্স ওয়ার্নার ব্রস ডিসকভারির স্টুডিও, এইচবিও, এইচবিও ম্যাক্স এবং গেমস গ্রুপ অধিগ্রহণ করতে যাচ্ছে।
হোয়াইট হাউস প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প গত ১২ ও ১৬ ডিসেম্বর দুই ভিন্ন তারিখে নেটফ্লিক্স এবং ডিসকভারি কমিউনিকেশনের বন্ডে ২ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করেন। প্রকাশিত তথ্যগুলো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করে।
এ ছাড়া ট্রাম্পের বিনিয়োগ তালিকায় রয়েছে বিভিন্ন শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ইউটিলিটি সংস্থার মিউনিসিপাল বন্ড। পাশাপাশি তিনি সিরিয়াসএক্সএম, বোয়িং, জেনারেল মোটরস, ম্যাসি’স, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম এবং হুইরুলপুলের বন্ডেও অর্থ বিনিয়োগ করেছেন।
এদিকে, ওয়াশিংটন ডিসিতে সম্প্রতি অনুষ্ঠিত কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জানান, নেটফ্লিক্স ও ডব্লিউবিডি-এর মধ্যে হওয়া চুক্তিটি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত প্রক্রিয়ায় তিনি নিজেও যুক্ত থাকবেন।

















